প্রযুক্তি পণ্য রপ্তানি ও ই-বর্জ্য ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবে বাংলাদেশ : পলক

৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:২৩  
আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশী পণ্য ব্যবহারে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নিজে গত ৬ মাস ধরে ওয়ালটনের টেমারিন্ড ল্যাপটপ ব্যবহার করে আন্তর্জাতিক মানের সুবিধা পাচ্ছেন বলেও উল্লেখ করে প্রতিমন্ত্রী। আর এভাবেই ডিজিটাল ডিভাইস উৎপাদক থেকে দ্রুতই বাংলাদেশ ডিজিটাল ডিভাইস রপ্তানিতে নেতৃত্ব দেবে বলে প্রত্যাশা করেন তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) ওয়ালটনের ল্যাপটপ আদল-বদল অফারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনলাইনে যুক্ত হয়ে দেয়া বক্তব্যে এসময় এ ধরনের অদল-বদল অফার ই-বর্জ্য ব্যবস্থাপনাতে বাংলাদেশ নেতৃত্বের অবস্থানে পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন জুনাইদ আহমেদ পলক। অপরদিকে অনুষ্ঠান প্রাঙ্গনে ওয়ালটন ডিজিটেক চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম, সিইও লিয়াকত আলী প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে গত বছর মোট চাহিদার সাড়ে তিন কোটির মধ্যে দেড় কোটি মোবাইল বাংলাদেশে উৎপাদন হয়েছে বলে জানাান প্রতিমন্ত্রী। আর এই অর্জনের পেছনে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে ৯৪টি ক্ষুদ্র যন্ত্রাংশের আমদানি শুল্ক কমিয়ে পাশ হওয়ায় ২০১৬-১৭ অর্থবছরকে ঐতিহাসিক অর্থবছর হিসেবে অভিহিত করেন জুনাইদ আহমেদ পলক। গুণমত মানের দিক থেকে আইসিটি বিভাগে ব্যবহৃত ১৩ হাজার ল্যাপটপের মানে সন্তুষ্ট প্রকাশ করে ওয়ালটন বিশ্বের শীর্ষ ১০০টি টেক কোম্পানির মধে চলে আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত, ‘নব প্রজন্মের নতুন পৃথিবী’ স্লোগানে চালু করা ওয়ালটনের এই অদল-বদল অফারে পুরোনো বা নষ্ট ল্যাপটপের ক্ষেত্রে  ‘ল্যাপটপ এক্সচেঞ্জ অফার’ দেয়া হয়। এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমে পুরনো সচল বা অচল ল্যাপটপ বা ডেক্সটপ জমা দিয়ে ওয়ালটনের নতুন ল্যাপটপ বা ডেক্সটপ কেনা যাবে। পুরনো সচল ল্যাপটপ বা ডেক্সটপ জমা দিয়ে ২২ শতাংশ ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। আর পুরনো অচল ল্যাপটপ বা ডেক্সটপ জমা দিলে মিলবে ১৫ শতাংশ ডিসকাউন্ট। ডিসকাউন্টের পর পরিশোধযোগ্য মূল্যের ৩০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে নতুন পণ্যটি নেয়া যাবে। বাকি মূল্য বিনা সুদে তিন মাসের সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে।